২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে এক দল বাংলাদেশি শ্রমিক আবার ধর্মঘটে

কুয়েতে আবার ধর্মঘট ডেকেছে এক দল বাংলাদেশি শ্রমিক। সে দেশের দৈনিক পত্রিকা আরব টাইমস সোমবার জানায়, ন্যায্য মজুরির দাবিতে কুয়েতের পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন শ্রমিক রোববার থেকে ধর্মঘট পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কুয়েত সিটি, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে আবার ধর্মঘট ডেকেছে এক দল বাংলাদেশি শ্রমিক। সে দেশের দৈনিক পত্রিকা আরব টাইমস সোমবার জানায়, ন্যায্য মজুরির দাবিতে কুয়েতের পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন শ্রমিক রোববার থেকে ধর্মঘট পালন করছে। এদিকে কুয়েতের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কুয়েত টাইমস জানায়, বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভের আশঙ্কায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে কুয়েতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত জুলাইয়ের শেষ দিকে ধর্মঘট ও বিক্ষোভ করে। ওই সময় কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। পরে কয়েক দফায় তিন শতাধিক বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠায় কুয়েত। আরব টাইমসের খবরে বলা হয়, পুরো মজুরির দাবিতে পার্লামেন্ট ভবনে কর্মরত ২০ জন পরিচ্ছন্নতা কর্মী রোববার থেকে ধর্মঘট শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের মজুরির একটি অংশ সংশ্লিষ্ট কোম্পানি আইন বহির্ভূতভাবে কেটে রাখছে। শ্রমিক অসন্তোষের বিষয়টি নিয়ে পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার রুদান আর রুদান সোমবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে পত্রিকাটি জানায়। শ্রমিকদের অভিযোগের বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, "শ্রমিকদের সঙ্গে প্রতারণা আমাদের স্পিকার জসিম আল খোরাফি কোনভাবেই মেনে নেবেন না।" শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কুয়েত টাইমসের সোমবার প্রকাশিত খবরে বলা হয়, "কর্মকর্তাদের কাছে খবর এসেছে, ট্যাক্সিচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা আবার সহিংস বিক্ষোভে যেতে পারে। এ জন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।" পাশাপাশি যে সব কোম্পানি শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে গড়িমসি করছে, সে সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। শ্রমমন্ত্রী বাদের আল দুয়াইলা বলেন, "শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়া কোনভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি একইসঙ্গে বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৪৮ ঘ.