২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে ১১ জন নিহত

চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার মতি ঝরণা এলাকায় সোমবার ভোরে পাহাড় ধসে চারটি পরিবারের ১১ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 05:09 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজার মতি ঝরণা এলাকায় সোমবার ভোরে পাহাড় ধসে চারটি পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সরু মিয়া (৫৫), তার স্ত্রী আনোয়ারা বেগম আনু (৪২), জোহরা আক্তার (৩৫), তার মেয়ে সুমাইয়া (৮), তার ছেলে জহিরুল (১০), মো. খায়রুল (১০), মো. আমীরুল (১২), তাজু মিয়া (৫৫), ফাতেমা বেগম (২৫), বিলকিস (১৭) এবং শাহজাদী (৬)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আয়জননেছা (৫০) ও কুলসুম (১০)। হতাহতরা সবাই পাহাড়ের পাদদেশে অবস্থিত হোসেন কলোনির বাসিন্দা ছিলেন। কলোনির ১২টি ঘর মাটির নিচে চাপা পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ধসে ১১ জনের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ খানকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনুমানিক ভোর পাঁচটার দিকে পাহাড় ধস দেখা দেয়।" ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর কবির আহমেদ মানিক বলেন, "মতি ঝরণা এলাকায় ওয়াসার ট্যাংকী পাহাড়ের পাদদেশে আমরা থাকতাম। পাহাড়ের একটি অংশ ধসে পুরোনো সাত আটটি ঘরের ওপর নেমে আসে। এতে অনেকেই চাপা পড়ে।" খুলসী থানার ওসি জানান, ঘটনার পর থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালায়। সকাল ৮টার দিকে জোহরা আক্তার ও তার মেয়ে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত জহিরুলসহ তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর সেখানে জহিরুলের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর উদ্ধারকারী একটি দল এসে উদ্ধার কাজে সহায়তা করে। সকাল ১১টার কিছু পরে উদ্ধার কর্মীরা মাটির নিচ থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করে এবং পৌনে দুইটার দিকে বাকি পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। দুপুর ২টার পর আর কেউ মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ নেই নিশ্চিত হওয়ার পর উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ওসি। প্রত্যক্ষদর্শী সাজু মিয়া, শহীদ আলী ও আবদুল লতিফসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পাঁচটার দিকে বিকট শব্দে উপর থেকে ট্যাংকির পাহাড়ের একটি বড় অংশ নিচের ১২/১৪টি ঝুপড়ি ঘরের উপর ভেঙ্গে পড়ে। এরপরই চিৎকার ও হৈ হুল্লোড়ে সবাই জেগে ওঠেন। তারা জানান, ধসের সময় বাসিন্দারা ঘুমের মধ্যে ছিল। দুর্ঘটনার পর এ ঘরগুলোর ২৫/২৭ জন বের হতে পারলেও অন্যরা মাটির নিচে চাপা পড়ে। মাটি চাপা পড়া সাজু মিয়ার মা আয়জন নেছা ও কুলসুমসহ কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম, বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ এছহাক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন হোসেন কলোনি এবং মতি ঝরণার ঝুঁকিপূর্ণ অন্যসব স্থানে বসবাসকারীদের সরিয়ে নিতে শুরু করেছে। মাইকিং করে তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব পরিবারের সদস্যদের মতিঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে তিনদিন পরে তাদের নিজ দায়িত্বে অন্যত্র চলে যাওয়ার জন্য বলা হয়েছে। গত বছর ১১ জুন নগরী ও আশেপাশের এলাকায় পাহাড় ধসে ১২৮ জনের মৃত্যু হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে সেসময় গঠিত একটি তদন্ত কমিটি নগরীর যে কয়টি এলাকা পাহাড় ধসের জন্য অত্যন্ত ঝুকিপূঁর্ণ বলে চিহ্নিত করে তার মধ্যে মতি ঝরণা অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/এমএসবি/১৯৩৭ ঘ.