ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক সংগঠন, শ্রমিক ও ছাত্র সংগঠনগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম নজরদারির জন্য ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষ গোয়েন্দা দল কাজ করছে।
নতুন এই গোয়েন্দা ইউনিটটির নাম দেওয়া হয়েছে পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস (পিআইও)।
জারি হওয়ার অপেক্ষায় থাকা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনসহ অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে বলে সরকার এর প্রতিবাদে সম্ভাব্য অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়ানোর প্রস্তুতি হিসাবে পিআইও গঠন করেছে। সরকারকে সম্ভাব্য গোলযোগ সম্পর্কে আগাম তথ্য দেওয়াই হবে এ দলটির কাজ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় দু'মাস আগে স্বল্প পরিসরে ২০ জনের একটি দল এ ব্যাপারে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। তারা কোনও ঘটনার বিষয়ে আগাম তথ্য দিয়ে থাকে।"
কমিশনার জানান, বিশেষ করে গার্মেন্টস কারখানা বা রাজনৈতিক অসন্তোষ এবং আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন যে কোনো বিষয়ে আগাম তথ্য দেওয়ার জন্য কাজ করছে দলটি।
নাইম আহম্মেদ বলেন, "এ দল গঠনের উদ্দেশ্যই হচ্ছে এসব হাঙ্গামা বা বিশৃঙ্খলা এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ।" ঢাকা মহানগর পুলিশ বিধিমালার অধীনেই গোয়েন্দা দলটি কাজ করছে বলে জানান তিনি।
গত ৬ আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ (সংশোধিত) এ রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন ও অন্য অঙ্গ সংগঠন না রাখার কথা বলা হয়েছে। এ কারণে ছাত্র সংগঠনগুলোতে অসন্তোষের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল গত ১৪ আগস্ট এ মর্মে ঘোষণা দেন যে, সরকার আগামী এক সপ্তাহের মধ্যে সীমিত পরিসরে ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালুর অনুমতি দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচডি/এমএইচসি/জিএমএ/এএনএস/২২৩৯ঘ.
bdnews24