২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ

উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদিত তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ প্রত্যাখ্যান করে তা সংশোধনের দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদিত তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ প্রত্যাখ্যান করে তা সংশোধনের দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'তথ্য অধিকার অধ্যাদেশের খসড়া পর্যালোচনা' শীর্ষক এক আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা এ দাবি জানান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ অধ্যাদেশটি সংশোধনের দাবি জানিয়ে বলেন, "এটি বাস্তবায়ন হলে তথ্য প্রাপ্তির অধিকার সঙ্কুচিত হবে। আমরা যেসব সুপারিশ দিয়েছিলাম, তার আলোকে একটি আইন চাই।" নীতিগত অনুমোদিত অধ্যাদেশটিতে 'তথ্য প্রদান হতে অব্যাহতি' সম্পর্কিত ধারাগুলো 'ভয়াবহ' বলেও মন্তব্য করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিকার আইন প্রণয়ন কমিটি গত ৬ ফেব্র"য়ারি 'তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮' এর খসড়া অনুমোদন করে। ২৩ এপ্রিল ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেসক্লাব ও সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের (সাফমা) পক্ষ থেকে তথ্য সচিবের কাছে তথ্য অধিকার অধ্যাদেশের ব্যাপারে একটি সুপারিশমালা দেয়া হয়। এরপর গত ১৮ জুন উপদেষ্টা পরিষদ তথ্য অধিকার অধ্যাদেশ-২০০৮ এ নীতিগত অনুমোদন দেয়। সাংবাদিক নেতাদের অভিযোগ, নীতিগতভাবে অনুমোদিত অধ্যাদেশে সাংবাদিকদের প্রস্তাবিত সুপারিশের কোনো প্রতিফলন নেই। আমার দেশ এর সম্পাদক প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, "অধ্যাদেশটি তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা অধ্যাদেশটি দেখে আশাহত হয়েছি। এটা তথ্য গোপনের একটি কালা কানুন। সাংবাদিকদের কাছে এ আইন গ্রহণযোগ্য নয়।" দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক সাবেক তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম অধ্যাদেশটির সমালোচনা করে বলেন, "এটা হতাশাজনক। এ অধ্যাদেশে অনেক ক্ষেত্রেই তথ্য জানার অধিকারের পথ রুদ্ধ হয়ে যাবে।" নীতিগত অনুমোদিত অধ্যাদেশে আর্ন্তজাতিক চুক্তি, আঞ্চলিক চুক্তি ও তথ্য কমিশনের প্রশ্নে যেসব বিধি বিধান রাখা হয়েছে সে সবের বিরোধিতা করেন তিনি। সাফমা সভাপতি ও দ্যা নিউজ টুডে'র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, "তথ্য অধিকার সংক্রান্ত এ অধ্যাদেশ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের একটি নতুন সংস্করণ। আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে যে সুপারিশ দিয়েছিলাম, সরকার তা গ্রহণ করেনি। আমরা চাই, আমাদের প্রস্তাবিত খসড়ার আলোকে একটি স্বাধীন তথ্য অধিকার আইন।" এ বিষয়ে জনমত গড়ে তুলতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, "এই অধ্যাদেশে তথ্য জানার অধিকার খর্ব হবে। এটি অবশ্যই সাংবাদিক এবং জনগণের জন্য পীড়াদায়ক।" তবে এ ধরনের অধ্যাদেশের কারণে দায়িত্ব সম্পাদনে পিছপা না হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী বলেন, "এ আইনে কিছু অসঙ্গতি রয়েছে। এটি আমলে নিয়েই তা সংশোধনের ব্যবস্থা নিতে হবে। একটি আইন হয়েছে, তা মাথায় রেখেই তাকে আরও সম্মৃদ্ধ করতে হবে।" নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, "এটা বুঝতে বাকি নেই যে এ সরকার মানুষকে তথ্য জানার অধিকার দিতে চায় না। তথ্য অধিকার অধ্যাদেশ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" সাংবাদিকদের সংগঠন মিডিয়া কমিশনের সভাপতি মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন সাফমা মহাসচিব জাহিদুজ্জামান ফারুক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মোজাম্মেল হক ও মহাসচিব রুহুল আমিন গাজী, অপর অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ মানবাধিকার সংস্থার অ্যাডভোকেট এলিনা খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, নারী সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদা আমিন, নারী সাংবাদিক কেন্দ্রের সভানেত্রী নাসিমুন আরা হক, কূটনৈতিক সাংবাদিক সমিতির (ডিকাব) সভাপতি মাসুদ করিম, জনসংযোগ সমিতির সভাপতি মির্জা তারেকুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও নিউ ইর্য়কভিত্তিক মুক্ত ফোরামের আহ্বায়ক মাসুদুর রেজা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/১৯৩১ ঘ.