২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএ'র ২৯ সহকারী পরিচালকের ২৫ জনই স্নাতক নন!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের জীবনবৃত্তান্তে চোখ বুলানোর পর কেউ যদি রাজপথে নামতে নিরাপদ বোধ না করেন, তাহলে বোধহয় তাকে দোষ দেওয়া যাবে না। যে প্রতিষ্ঠানের ২৯ জন প্রথম শ্রেণীর কর্মকর্তার (সহকারী পরিচালক) মধ্যে ২৫ জনেরই স্নাতক ডিগ্রি নেই, সে প্রতিষ্ঠানকে রাজপথের দায়িত্ব দিয়ে কতটুকুই বা নিশ্চিন্ত থাকা সম্ভব!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের জীবনবৃত্তান্তে চোখ বুলানোর পর কেউ যদি রাজপথে নামতে নিরাপদ বোধ না করেন, তাহলে বোধহয় তাকে দোষ দেওয়া যাবে না। যে প্রতিষ্ঠানের ২৯ জন প্রথম শ্রেণীর কর্মকর্তার (সহকারী পরিচালক) মধ্যে ২৫ জনেরই স্নাতক ডিগ্রি নেই, সে প্রতিষ্ঠানকে রাজপথের দায়িত্ব দিয়ে কতটুকুই বা নিশ্চিন্ত থাকা সম্ভব! এর চেয়েও খারাপ খবর জানিয়েছেন বিআরটিএ'র প্রকৌশল বিভাগের পরিচালক হুমায়ুন রাশিদ খালিফা। তার দেওয়া তথ্যানুযায়ী, সেই ২৫ সহকারী পরিচালকের মধ্যে একজন আছেন যিনি এসএসসিই পাশ করেননি। যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট ইস্যু করা, সরকারি যানবাহনের তদারকি এবং রাজপথের নিরাপত্তা নিশ্চিত করাই বিআরটিএ'র কাজ। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ২৯টি আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বে আছেন ২৯ জন সহকারী পরিচালক। হুমায়ুন রশিদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কার্যালয়গুলোতে মাত্র চারজন সহকারী পরিচালক রয়েছেন যারা স্নাতক। এর মধ্যে দুজন বসেন রাজধানীর মিরপুর কার্যালয়ে, আর বাকি দুজন যশোর ও খুলনা কার্যালয়ের দায়িত্বে আছেন।" তিনি জানান, বিআরটিএ'র ১৯৯২ সালের নিয়োগ বিধি অনুযায়ী, মেকানিকাল অ্যাসিসট্যান্ট পদে (চতুর্থ শ্রেণীর কর্মচারী) নিয়োগ পাওয়ার পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হওয়ার সুযোগ রয়েছে। আর মেকানিকাল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ পাওয়ার জন্য অষ্টম শ্রেণী পাশ করলেই চলে। নিয়ম অনুযায়ী, মোট সহকারী পরিচালক পদের অর্ধেক পূরণ করতে হবে অভ্যন্তরীণভাবে। বাকি অর্ধেক পদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষার মাধ্যমে সরাসরি পূরণ করার নিয়ম। সরাসরি নিয়োগ পাওয়ার জন্য প্রকৌশলে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হয়। হুমায়ুন রশিদ বলেন, এখন যারা সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার অভাবে তাদের অধিকাংশই নিয়মকানুনগুলো ঠিকমতো বুঝতে পারেন না। এ কারণে সরকারি নির্দেশনাগুলোও ঠিকমতো বাস্তবায়ন করতে পারেন না। তার ভাষায়, "অথচ আঞ্চলিক পর্যায়ের এসব কর্মকর্তাই বিআরটিএ'র চালিকা শক্তি। এ অবস্থায় কীভাবে আপনি এ প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো কাজ আশা করতে পারেন?" খলিফা জানান, নিয়োগ বিধি সংশোধনের বিষয়ে ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.