২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী রোববার

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার। দীর্ঘ জীবন কবিতার ঘর-গেরস্থালি করে ২০০৬ সালের ১৭ আগস্ট পৃথিবী ছেড়ে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার। দীর্ঘ জীবন কবিতার ঘর-গেরস্থালি করে ২০০৬ সালের ১৭ আগস্ট পৃথিবী ছেড়ে যান তিনি। স্বাধীনতার চেতনা ও প্রগতিশীলতার আন্দোলনের আলোকবর্তিকা এই কবির জন্ম ১৯২৩ সালের ২৩ অক্টোবর পুরোনো ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে। তার পৈত্রিক বাড়ি নরসিংদীর রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। ১৯৪৮ সালে শামসুর রাহমানের লেখা প্রথম কবিতা 'ঊনিশশো ঊনপঞ্চাশ' প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। এরপর থেকে ক্রমাগত লিখেছেন তিনি। বাঙালির অধিকার আদায়ের প্রায় প্রতিটি লড়াই-সংগ্রামের বাক্সময় প্রকাশ ঘটেছে তার তার কবিতায়। তার লেখায় বারবারই ঘুরেফিরে এসেছে স্বদেশ এবং মানুষের কথা। রূপক, মিথ আর চিত্রকল্পের উদ্ভাসে শাণিত শামসুর রাহমানের গভীর জীবনবোধ। ১৯৫৭ সালে দৈনিক মনিং নিউজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন শামসুর রাহমান। পরে রেডিও পাকিস্তান, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেছেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন শামসুর রাহমান। ১৯৬০ সালে প্রকাশিত হয় শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'। তার মোট ৬০টি কাব্যগ্রন্থের মধ্যে আছে- রৌদ্র করোটি, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, বুক তার বাংলাদেশের হৃদয়, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, অন্ধকার থেকে আলোয় প্রভৃতি। শামসুর রাহমানের উপন্যাস চারটি, প্রবন্ধগ্রন্থ একটি, ছড়ার বই আটটি এবং অনুবাদ ছয়টি। বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি টেনে দ্রোহ আর প্রেমের কবি শামসুর রাহমান মারা যান ২০০৬ সালের ১৭ আগস্ট। ১৩দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি বিদায় নেন সেদিন সন্ধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২১৩১ ঘ.