২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ বাঁধের ধস নিয়ন্ত্রণে

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধস ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে কর্মকর্তারা বলছেন, এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। শুক্রবার রাতে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা দেবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

সিরাজগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধস ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে কর্মকর্তারা বলছেন, এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। শুক্রবার রাতে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা দেবে যায়। শনিবার সরেজমিনে বাঁধ এলাকা ঘুরে দেখা যায়, যমুনা নদীর তীব্র স্রোতে শহর রক্ষা মূল বাঁধের উত্তর-পূর্ব প্রান্তের ৬০ মিটার এলাকা দেবে গেছে। সিসি ব্লকের নিচের মাটি সরে যাওয়ায় এ ধস দেখা দিয়েছে বলে স্থানীয়রা বলছেন। বাঁধ ধসের খবর পেয়ে পুলিশ সুপার মো. আালমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুলাল কৃষ্ণ সাহাসহ সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা বালুর বস্তা ও সিসি ব্লক ফেলার কাজ তদারকি করেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সিসি ব্লক ও বালুর বস্তা ফেলে ধস নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।" এলাকাবাসী জানায়, গত জানুয়ারি মাসের মাসের প্রথম সপ্তাহে বাঁধের উত্তর-পশ্চিম প্রান্তেও এমন অবস্থা দেখা দেয়। তখন পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে বস্তা ফেলে ধস ঠেকালেও স্থায়ী ব্যবস্থা নেয়নি। কার্যকর ব্যবস্থা নিলে এবার ধস দেখা দিত না বলে এলাকাবাসীর মনে করছে। ১৯৯৭ সালে যমুনা সেতুর নির্মাণের সময় নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩৩১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। বাঁধটি নির্মাণের ১০ বছরের মাথায় এভাবে ধসের কারণে শহরবাসী আতঙ্কিত হওয়ার পাশাপাশি ধস ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে। গত বছর শহর রক্ষা বাঁধের খোকশাবাড়ি এলাকার খোলা অংশ দিয়ে বন্যার পানি ঢুকে সিরাজগঞ্জ জেলা শহর তলিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.