চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে অপহৃত মোহাম্মদ সজিব নামে (১৮) এক তরুণকে বৃহস্পতিবার দুপুরে নগরীর রেলওয়ে গেট এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব।
একটি সিএনজি চালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয় দুই অপহরণকারীকে। এরা হলেন - আবুল বাশার (৩০) ও রিপন (২২)।
একটি অপহরণকারী চক্র সজিবকে গত ৫ আগস্ট কসবা থেকে অপহরণ এবং মোবাইল ফোনে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
শুক্রবার র্যাব-৭ এর সহকারী পরিচালক সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি দল বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কাপ্তাই সড়কের রেলওয়ে গেটের কাছ থেকে সজিবকে উদ্ধার করে।
মোবাইল ফোনে সজিবের বাবা মজিবুরের সঙ্গে অপহরণকারীদের কথোপকথনের সূত্র ধরে বৃহস্পতিবার কাপ্তাই সড়কের রেলওয়ে গেট এলাকায় র্যাব সদস্যরা অবস্থান নেয়। পরে মুক্তিপণের টাকা দেওয়ার সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণকারীদের ব্যবহারের জন্য রাখা একটি সিএনজি চালিত অটোরিকশাও আটক করা হয়।
র্যাব কর্মকর্তা সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে সজিবকে অপহরণ করে মাইক্রোবাসে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছে। এ ব্যাপারে মজিবুর রহমান কসবা থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24