২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের সম্মান জানাতে হবে: হোসেন জিল্লুর

দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের সম্মান জানানো উচিত বলে মনে করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, "জাতীয় নেতাদের অকুণ্ঠ চিত্তে সম্মান দেখানো দরকার। এ জন্য সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল-মতের ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের সম্মান জানানো উচিত বলে মনে করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, "জাতীয় নেতাদের অকুণ্ঠ চিত্তে সম্মান দেখানো দরকার। এ জন্য সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হতে হবে।" বঙ্গবন্ধুকে 'জাতির জনক' ঘোষণা করা হবে কিনা- জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে।" হাইকোর্টের রায় মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বঙ্গবন্ধু হত্যার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে 'জাতির জনক' ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। এদিকে বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার দিন ৩০ মে-কেও জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে। জিয়াউর রহমানের হত্যার দিন জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে হোসেন জিল্লুর বলেন, "জাতীয় নেতাদের সম্মান দেখানোর জন্য আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।" গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে 'সাউথ এশিয়ান সরপটিমিস্টিক কনফারেন্স'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোসেন জিল্লুর বলেন, "বাংলাদেশে নারীদের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আরও অনেক দূর যেতে হবে।" তিনি বলেন, "বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এখন অনেক বেশি। গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে তারা কাজ করছে। স্বাধীনতার সময় নারী প্রাথমিক শিক্ষিকার সংখ্যা ছিল দুই শতাংশ, এখন তা ৪০ শতাংশে উন্নীত হয়েছে।" সরপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অব ঢাকার রজতজয়ন্তী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনটি কর্মজীবী নারীদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে কাজ করে থাকে। সরপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অব ঢাকার সভাপতি আরিফা রহমান বলেন, "১৯৮৩ সালে মাত্র পাঁচ জন নারীর হাত ধরে বাংলাদেশে এই সংগঠন যাত্রা শুরু করে। এখন এর কাজ অনেক বিস্তৃত। সংগঠনের সদস্যরা তাদের অর্থ, শ্রম ও সময় দিয়ে দুর্শশাগ্রস্ত ও পিছিয়ে থাকা নারীদের জন্য কাজ করে যাচ্ছে।" সংগঠনটির দুই দিনব্যাপী সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও যুক্তরাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫১৬ ঘ.