ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়েছে শুক্রবার।
সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনের চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। এর আগে ভোরে সব সরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
ছয় বছর পর আদালতের আদেশে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করেছে। বিএনপি জামায়াত জোট সরকার ২০০২ সালে দিনটিতে জাতীয় শোক পালনের সিদ্ধান্ত বাতিল করেছিল।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে।
আওয়ামী লীগের সব কার্যালয়সহ বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি উত্তোলিত হয় কালো পতাকা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ সকাল ১০ টা ১১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিন বাহিনীর প্রধানরা এসময় তার সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শ্রদ্ধা নিবেদন করেন বেলা ১১ টা ৫ এ।
ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুুর রহমানের নের্তৃত্বে আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিল্লুর রহমান তার প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের বলেন,"স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করার জন্য আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে তুলবো।"
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্য ধানমণ্ডির বাড়িতে হামলা চালিয়ে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এ নির্মম হামলা থেকে তার অন্তঃস্বত্তা পুত্রবধু ও শিশুপুত্র শেখ রাসেলও রেহাই পায়নি।
বলা হয়ে থাকে ১৫ আগস্টের হত্যাকাণ্ড মূলত একদল বিচ্ছিন্ন 'বিপথগামী' সেনা সদস্যের কাজ। এর পেছনে শীর্ষ সামরিক কর্তৃপক্ষের সম্মতি থাকা না থাকার বিষয়টি ধোঁয়াটে ও বিরোধপূর্ণ। তবে এতে কয়েকজন 'স্বার্থান্বেষী' রাজনৈতিক নেতার ইন্ধন ছিল। পর্যবেক্ষকদের অনেকে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকার কথাও বলে থাকেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করা তোফায়েল আহমদ শ্রদ্ধা নিবেদনের পর বলেন, "আজকের এই দিনটি পুরো বাঙালি জাতির জন্য দুঃখ ও বেদনার এবং একই সঙ্গে কলঙ্কের। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করছি - বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা শোষণমুক্ত দেশ গড়ে তুলবো।"
বঙ্গবন্ধুকে জাতির জনকের স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেকজন সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবমহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), জাতীয় পার্টি (মঞ্জু), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঋষিজ শিল্পী গোষ্ঠী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড, মুক্তিযোদ্ধা পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, খেলাঘর, হলিক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
অনুষ্ঠানস্থলের পরিবেশ ও দিনের কর্মসূচি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকাল সাড়ে আটটায় বনানী গোরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট অন্য যারা নিহত হয়েছিলেন তাদের কবরে পুস্পার্ঘ অর্পণ করেন। পরে সেখানে এক মিলাদ মাহফিল হয়। এর পর জিল্লুর রহমান দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ও বনানী গোরস্তান - এই দু'জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। সকাল থেকেই ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার দু'ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সংগঠনগুলোকে কেবল মীরপুর রোডের দিক থেকেই ৩২ নম্বর সড়কে ঢুকতে দেওয়া হয়। বিপরীত দিক দিয়ে বয়স্ক ও মহিলা ছাড়া কাউকেই বঙ্গবন্ধু ভবনের সামনে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে, সকাল থেকেই বনানী গোরস্থানের সামনের রাস্তায় কাটাতারের ব্যারিকেড বসিয়ে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এবারের জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ভবনের সামনের চিত্র ছিল কিছুটা ভিন্ন। ভবনের সামনের পুরো সড়ক কালো রঙের শামিয়ানা দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়। লেকের পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনের বেদির চারদিকে বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করা ছিল। সড়কের পূর্বদিক দিয়ে সবাই সারিবদ্ধভাবে এসে ফুল দিয়ে পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যায়।
বঙ্গবন্ধু ভবন থেকে পূর্বদিকে মীরপুর রোড পর্যন্ত রাস্তা ঘেঁষে কালো কাপড়ের মধ্যে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকারদের ছবি টাঙানো ছিল। বঙ্গবন্ধু ভবনের বিপরীত দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। জুমার পর মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আসরের পর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবনের সামনে হবে মিলাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১০১৮ঘ.
bdnews24