২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ব্যবসায়ী নির্যাতন: চার পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে মানববন্ধন

নীলফামারীতে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাকে পুলিশ হেফাজতে চোখ বেঁধে রাতভর পেটানোর অভিযোগে চার পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নীলফামারী, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাকে পুলিশ হেফাজতে চোখ বেঁধে রাতভর পেটানোর অভিযোগে চার পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ। পুলিশের নির্যাতনের প্রতিবাদে এদিন শহরের ব্যবসায়ীরা দিনভর তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে। শহরের স্থানীয় চৌরঙ্গী মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে নাগরিক ঐক্য পরিষদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্য পরিষদের নেতা সাবেক সাংসদ আহসান আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সোহেল পারভেজ প্রমুখ। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে যোগ দেন। এ ছাড়া শহরের সাধারণ মানুষও এতে যোগ দেয়। নাগরিক ঐক্য পরিষদ পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সাহাদত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ও পুলিশের রেশন ষ্টোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীনের অপসারণ দাবি করেছে। গত মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক সফিয়ার রহমানের ছেলে সাজ্জাদুর রহমান রোমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার পকেটে চার বোতল ভারতীয় ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ ওঠে। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। পুলিশ ১০দিনের রিমান্ডের আবেদন জানালেও হাকিম মনসুর আলম সাজ্জাদকে জামিন দেন। এর পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিবাদে সাবেক সাংসদ আহসান আহমেদ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে ওই দিন সকাল ১০টার দিকে ব্যবসায়ীরাসহ কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। ওই ঘটনার জন্য পুলিশকে অভিযুক্ত করে তারা পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিমের অপসারণের দাবিতে সেনা ক্যাম্পে অভিযোগ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। সন্ধ্যায় নীলফামারী পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসপি ও ওসির অপসারণ দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.