নড়াইল, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না দেওয়ায় নড়াইল সদর উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) আশা'র একটি কার্যালয়ে বুধবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা বোমা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবরা শাখা কার্যালয়ে এ হামলা হয় বলে জানিয়েছেন ওই শাখার ব্যবস্থাপক সাজেদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশীদুল হাসান জানান, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, হামলার খবর পেয়ে রাতেই নড়াইলের পুলিশ সুপার মো. কামরুল আহসান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সৈয়দ হারুন আর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশা'র শাখা ব্যবস্থাপক সাজেদুর জানান, চাঁদা না দেওয়ায় এই বোমা হামলা চালানো হতে পারে।
তিনি জানান, গত ২৫ মে ০১৯১৫৮৬১৩৬৩ নম্বরের মোবাইল ফোন থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে ০১৯১৫৭৬৬৩০৮ নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে কার্যালয়ে বোমা হামলা চালানো হবে বলে তাকে হুমকি দেওয়া হয়।
সাজেদুর জানান, কর্মচারিরা জানালা-দরজা বন্ধ করে কার্যালয়ে কাজ করছিল। রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাত সন্ত্রসীরা বন্ধ জানালায় একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে গোটা এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় গোবরা বাজারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
বোমার আঘাতে জানালাটি ভেঙ্গে যায় এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24