২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাযুক্তিক উপায়ে সব পরিসেবা মূল্য শোধের ব্যবস্থা করছে সরকার

সব ধরনের পরিসেবা মূল্য (বিল) প্রাযুক্তিক পদ্ধতিতে পরিশোধ করার সব ব্যবস্থাই ক্ষমতা হস্তান্তরের আগে এই সরকার করে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার জ্বালানী ও বিদুৎ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের পরিসেবা মূল্য (বিল) প্রাযুক্তিক পদ্ধতিতে পরিশোধ করার সব ব্যবস্থাই ক্ষমতা হস্তান্তরের আগে এই সরকার করে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার জ্বালানী ও বিদুৎ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে 'বিল পে সার্ভিস'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, "ডিসেম্বরে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে প্রাযুক্তিক উপায়ে চার ধরনের পরিসেবা মূল্য (বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন) পরিশোধের ব্যবস্থা করব।" গ্রামীণ ফোনের প্রধান তথ্য কর্মকর্তা ফ্রোডে স্টোডাল বলেন, "তিতাস গ্যাস ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্য, দ্রুত ও সুবিধাজনক একটি সেবার নিশ্চয়তা প্রদান করবে 'বিল পে'।" তিনি আরো বলেন, "এই প্রথম কোন মোবাইল ফোন কোম্পানি এ ধরনের কোন সেবা প্রদান করছে যা জিপি বা অন্য কোন মোবাইল ফোনের গ্রাহকের পাশাপাশি মোবাইল ফোন নেই এমন ব্যক্তির কাছেও সেবা পৌঁছে দেবে।" তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ বলেন, "লম্বা লাইনে দাঁড়ানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বিল পরিশোধের সীমিত সময় এবং বিল পরিশোধের পরও আরো বিভিন্ন সমস্যার সমাধান করবে নতুন এ পদক্ষেপ।" বিল পে সার্ভিসের মাধ্যমে তিতাস গ্যাস ব্যবহারকারীরা জিপি সংযোগকৃত হ্যান্ডসেটের মাধ্যমে বা যেকোন সময় যেকোন জায়গায় অবস্থিত গ্রামীণ ফোন মনোনীত 'বিল পে' সেন্টার থেকে বিল পরিশোধ করতে পারবেন। ঢাকা মহানগরী, সাভার, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, জামালপুর এবং আশপাশের এলাকার তিতাস গ্যাস ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। ২০০৬ সালের ডিসেম্বর মাসে চট্টগ্রামে এ ধরনের সেবার পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্বালানী সচিব মো: মহসীন, পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ এবং গ্রামীণ ফোনের আর্থিক বিষয়ক সেবার প্রধান দেলওয়ার হোসেন আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/জিএনএ/১৫০০ ঘ.