ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'গুরুতর অসুস্থ' অবস্থার মধ্যেও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির ১১০ সদস্য।
কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্ট্রেচারে শুইয়ে রেখে গত সোম ও মঙ্গলবার বিশেষ জজ আদালতে বাদীর সাক্ষ্য নেওয়া হয়।
আসামির আইনজীবীদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ না মেনে কারা কর্তৃপক্ষ 'গুরুতর অসুস্থ' ওবায়দুল কাদেরকে আদালতে হাজির করে।
ঢাকা আইনজীবী সমিতির ১১০ সদস্য বুধবার এক বিবৃতিতে বলেন, 'গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হচ্ছে। এমনকি স্ট্রেচারে শোয়ানো অবস্থাতেও তার বিরুদ্ধে মামলার সাক্ষ্য নেওয়া হচ্ছে।'
বিবৃতিতে অবিলম্বে ওবায়দুল কাদেরকে জামিনে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্্রাফিল, ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, কাজী মো. নজীবুল্লাহ হিরু, এস হাসানউজ্জামান, এ কে এম আমিন উদ্দিন মানিক, পরিমল চন্দ্র দাস, শওকত হোসেন অপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২১১৪ঘ.
bdnews24