২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপচাঁচিয়ার নতুন মেয়র ও এক কাউন্সিলরের হলফনামা তদন্তের নির্দেশ

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম সরদারের জমা দেওয়া হলফনামার তথ্য তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম সরদারের জমা দেওয়া হলফনামার তথ্য তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ১০ আগস্ট নির্দেশটি দেওয়ার পর ইসি সচিবালয়ের কর্মকর্তারা তদন্ত কর্মকর্তা হিসেবে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। দুপচাঁচিয়া পৌরসভায় নির্বাচন হওয়ার তিন দিন পর গত ৭ আগস্ট সেখানকার এক ভোটার এম সারওয়ার খান নির্বাচন কমিশনের কাছে নবনির্বাচিত মেয়র ও ওই কাউন্সিলরের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মেয়র জাহাঙ্গীর সাজাপ্রাপ্ত আসামি এবং কাউন্সিলর মহিদুল সম্পদের তথ্য গোপন করেছেন। গত ৪ আগস্ট দেশের চার সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে ১৬০০ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২৭৮ জন নির্বাচিত হন। এরমধ্যে ১৩ জন মেয়র এবং ২৬৫ জন কাউন্সিলর রয়েছেন। নির্বাচনের আগে ও পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন এখনো কারো বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় কোনো তথ্য গোপন বা অসত্য তথ্য দিলে নির্বাচিত হলেও প্রার্থিতা বাতিল করতে পারে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২০৫৭ঘ.