২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি নির্যাতনে ব্যবসায়ী আহত, নীলফামারীতে বিক্ষোভ-স্মারকলিপি

নীলফামারী জেলা শহরে এক ওষুধ ব্যবসায়ী পুলিশের নির্যাতনে আহত হয়েছে বলে অভিযোগ এসেছে। 'নির্যাতন'র বিচার দাবিতে বুধবার বিক্ষোভ করেছে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। এ ঘটনার জন্য জেলা পুলিশ সুপারের অপসারণ চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নীলফামারী, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী জেলা শহরে এক ওষুধ ব্যবসায়ী পুলিশের নির্যাতনে আহত হয়েছে বলে অভিযোগ এসেছে। 'নির্যাতন'র বিচার দাবিতে বুধবার বিক্ষোভ করেছে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। এ ঘটনার জন্য জেলা পুলিশ সুপারের অপসারণ চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেওয়া হয়েছে। নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী ব্যবসায়ী সাজ্জাদুর রহমান রোমান (৪৪) সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে জেলা শহরের টিপটপ হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নির্যাতন চালায় পুলিশ। তিনি বলেন, "রাত ১১টার দিকে আমি আমার দোকান সেবা ফার্মেসি বন্ধ করে যাওয়ার সময় পুলিশের রেশন স্টোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আফতাব উদ্দীন কথা বলার ছলে আমাকে টিপটপ এলাকায় জেলা জাতীয় পার্টি অফিসের কাছে অন্ধকারে নিয়ে যায়। সেখানে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য আমাকে ঘিরে ফেলে। তারা আমার পকেটে ফেন্সিডিলের দুটি বোতল ঢুকিয়ে আমাকে গ্রেপ্তার করে।" সাজ্জাদুর বলেন, "এরপর তারা আমার ওপর নির্যাতন শুরু করে। দুই হাঁটু, গোড়ালি, পায়ের তালু ও উরুতে লাঠি দিয়ে বেদম পেটায় তারা।" সাজ্জাদুর রহমান উকিলপাড়ার বাসিন্দা ভাষাসৈনিক সফিয়ার রহমানের ছেলে। সফিয়ার রহমান বলেন, "আমার ছেলে ওষুধ ব্যবসার পাশাপাশি ঠিকাদারিও করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে বর্বরোচিত নির্যাতন করেছে।" তিনি অভিযোগ করেন, পুলিশের মেসের জন্য কম দামে ডাল সরবরাহ না করায় তার ছেলের ওপর নির্যাতন চালানো হয়েছে। সাজ্জাদকে বুধবার বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম মনসুর আলম তাকে জামিন দেন। এরপরই সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। সাজ্জাদকে গ্রেপ্তারের প্রতিবাদে সাবেক সাংসদ আহসান আহমেদ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে সকাল ১০টার দিকে ব্যবসায়ীরাসহ কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। ওই ঘটনার জন্য পুলিশকে অভিযুক্ত করে তারা পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিমের অপসারণের দাবিতে সেনা ক্যাম্পে অভিযোগ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। সন্ধ্যায় নীলফামারী পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসপি ও ওসির অপসারণ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আহসান আহমেদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সোহেল পারভেজ, পৌর মেয়র কামাল আহমেদ প্রমুখ। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি, সাজ্জাদকে ফেন্সিডিলসহ ধরা হয়েছে। এর বেশি কিছু জানি না।" সাজাদকে নির্যাতনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "মারধরের বিষয়েও তো আমি কিছু শুনিনি। এখন আপনার কাছে শুনলাম। বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৪৩ ঘ.