২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবা ও সিরাজগঞ্জে দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং সিরাজগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং সিরাজগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদের সদস্য সালাম খান (৫৫) এবং তার নাতি মারুফ খান (৫)। তারা দুজনেই মোটর সাইকেলে ছিলেন। কসবা থানার উপ-পরিদর্শক মো. আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেল ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেলের অপর আরোহী আরিফকে (২২) আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় বুধবার সকালে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম বেলাল হোসেন (৫)। তার বাড়ি কামারখন্দ উপজেলার কৃষ্ণপুর গ্রামে। সে কড্ডা কবি কানন কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়তো। যমুনা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে বেলাল ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.