ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের আলোচিত 'সাত শিশুর' বিষয়ে বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট।
এই সাত শিশুর ডিএনএ (সিবলিং) পরীক্ষার পর গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টকে জানায়, তারা এক ঔরসজাত নয়।
বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহম্মদের হাইকোর্ট বেঞ্চ ডিএনএ পরীক্ষার এ প্রতিবেদন আদালতের নথি হিসেবে গণ্য করার আদেশ দেয়। বেঞ্চ জানায়, এই শিশুদের কল্যাণের বিষয়ে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার রায় দেওয়া হবে।
শুনানির সময় আদালত জানায়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। বাচ্চারা পরস্পর ভাই-বোন নয়। এখন পিতৃত্বের বিষয়টি নিশ্চিত হতে আনিসুর রহমান দম্পতির ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন।
আনিসুর রহমানের আইনজীবী সাজোয়ার হোসেন বলেন, "আনিসুর রহমান জানিয়েছেন, তিনি ডিএনএ পরীক্ষায় রাজি নন। তাই শিশুদের কল্যাণের কথা বিবেচনা করে আদালতেরই এ ব্যাপারে আদেশ দেওয়া উচিত।"
২০০৬ সালের মে মাসে সংবাদ মাধ্যমে সাবেক ডিআইজির স্ত্রী আনোয়ারা রহমানের প্রায় একই রকম বয়সের সাত বাচ্চার খবর প্রচারিত হলে জনমনে কৌতূহল সৃষ্টি হয়।
তাদের নাম- জান্নাতুল মরিয়ম, আইমন রহমান আনিস, আনাস রহমান আকন্দ, নাফিস রহমান নাইস, দাইয়ান রহমান, জান্নাতুল নাফিজা রহমান ও জান্নাতুল আনিসা রহমান।
এ ঘটনায় সন্দেহ তৈরি হলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ২০০৬ সালের ২ জুন বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চায়।
মানবাধিকার সংস্থা পরে ডিআইজি আনিসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২০০৬ সালের ৭ জুন বাড্ডা থানায় আরেকটি জিডি করে। ওই দিনই বাড্ডা পুলিশ ঢাকার সিএমএম আদালতে শিশুদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করানোর অনুমতি চায়। পরদিন মানবাধিকার বাস্তবায়ন সংস্থাও ওই আদালতে একই পরীক্ষার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
এরপর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক আখতারুজ্জামানকে প্রধান করে মেডিকেল বোর্ড করা হয়। কিন্তু নির্ধারিত দিন মা আনোয়ারা রহমান উপস্থিত না থাকায় ডিএনএ টেস্ট করা যায়নি।
বিষয়টি নিয়ে এরপর থেকে পাল্টাপাল্টি আইনি তৎপরতা চলতে থাকে। জাতীয় মহিলা আইনজীবী সমিতি শিশু সাতটিকে নিজেদের কাছে রাখার জন্য একটি রিট করে। অন্যদিকে ডিআইজি আনিস সংশয়ের অবসান করতে সিঙ্গাপুরে শিশুদের ডিএনএ টেস্ট করানোর জন্য আবেদন করেন। এ রিট ও পাল্টা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিঙ্গাপুরে ডিএনএ টেস্ট করানোর অনুমতি দেয়।
কিন্তু এর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন দুটি আপিল করলে ২০০৬ সালের ২৯ জুন আপিল বিভাগ বিষয়টি আবার হাইকোর্ট পাঠায়।
হাইকোর্ট গত ৬ আগস্ট এই সাত শিশুর ডিএনএ (সিবলিং) পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মিজানুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড ওইদিনই ডিএনএ পরীক্ষা করান।
বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের ডিএনএ ল্যাবের প্রধান ড. শরীফ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাত শিশুর ডিএনএ সিবলিং পরীক্ষায় দেখা গেছে তারা পরস্পর ভাই-বোন নয়। এদের মধ্যে চার ছেলে শিশুর আরেকটি পরীক্ষা করা করা হয়েছে। তাতে দেখা গেছে ওই শিশুদের 'ওয়াই' ক্রোমোজমে ভিন্নতা রয়েছে। এতে বোঝা য়ায় তাদের বাবা এক নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/জিএনএ/১৭২৫ ঘ.
bdnews24