ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারী অধিকার প্রতিষ্ঠা ও এইচআইভি/এইডস মোকাবেলায় বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মেরিনা মাহাথির।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা বলেন, "বাংলাদেশে নারীর অধিকার এবং এইচআইভি/এইডস পরিস্থিতি অত্যন্ত ভাল। তবে অবস্থার আরো উন্নয়নের জন্য এ দেশে স্বাস্থ্য খাতে সচেতনতা বাড়াতে হবে।"
উপদেষ্টার সঙ্গে মাহাথির কন্যার বৈঠকের সময় বিসিডিজেসি'র চেয়ারম্যান ও আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি অফ বাংলাদেশে 'এইচআইভি/এইডস: ফেসিং দ্যা চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে মেরিনা মাহাথির বলেন, "এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কার্যক্রমে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হলে আরো ভাল ফল পাওয়া যাবে।"
এইচআইভি-এইডস বিষয়ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লিডারশিপ ফোরামের আন্তর্জাতিক স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে সেমিনারে তিনি নিজের অভিজ্ঞতা বিনিময় করেন।
বুধবার মেরিনার চট্টগ্রাম সফরের কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি গ্রামীণ ব্যাাংক ও ব্র্যাক পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্রঋণ বিষয়ক কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।
রোববার রাতে ঢাকা পৌঁছান মেরিনা। বাংলাদেশের ছয় দিনের সফরে গণমাধ্যম ও লৈঙ্গিক সমতা বিষয়ে আয়োজিত একটি সম্মেলনে মূল প্রবন্ধ পড়বেন তিনি। ইউএনএইডস ও এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন এর সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করেছে বাংলাদেশ সেন্টার ফর ডেভলপমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএইচএস/টিএইচ/এসএনডি/২২০৫ ঘ.
bdnews24