সাতক্ষীরা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার ট্রাক চাপায় মমতাজ পারভিন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মমতাজ জেলার শ্যামনগর উপজেলার পাতাখোলা গ্রামের মুজিবর রহমানের মেয়ে। সে শ্যামনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মনোয়ারা খাতুন জানান, দাদিকে ডাক্তার দেখাতে মমতাজ সকালে শ্যামনগর থেকে সাতক্ষীরা শহরে আসে। সাতক্ষীরা বাস টার্মিনালে বাস থেকে নামার পর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
তিনি জানান, পুলিশ ট্রাকটি (সাতক্ষীরা-ট ১১-০০২২) আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের হেলপার সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মঈন উদ্দীন সরদারের ছেলে সান্টু মিয়াকে (১৮)। দুর্ঘটনার সময় সান্টু ট্রাকটি চালাচ্ছিল।
এ ব্যাপারে সদর থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মনোয়ারা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24