২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অপহৃত ১০ জেলে উদ্ধার

সুন্দরবনে অপহৃত ১০ জেলেকে সোমবার শরণখোলা রেঞ্জের দুধমুখী খাল এলাকা থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী ও বনরক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বাগেরহাট, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে অপহৃত ১০ জেলেকে সোমবার শরণখোলা রেঞ্জের দুধমুখী খাল এলাকা থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী ও বনরক্ষীরা। রোববার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় এসব জেলেকে জলদস্যু জুলফিকার ও তার লোকজন অপহরণ এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারকৃত জেলেদের দুটি মাছ ধরা ট্রলার ও জালসহ সুন্দরবন পূর্ব বিভাগের সুপতি স্টেশন হেফাজতে রাখা হয়েছে। বৈধ অনুমতি (পাশ) ছাড়াই এই দশ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল বলে জানিয়েছে বন বিভাগ। উদ্ধারকৃতরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মোসলেম আলীর ছেলে বাদল বেপারী, একই গ্রামের ওয়ারেস ফকিরের ছেলে মজিদ ফকির, আপেল মুন্সীর ছেলে মোয়াজ্জেম মুন্সী, নেওয়াজ তালুকদারের ছেলে লাল মিঞা তালুকদার, কাশেম আলীর ছেলে হযরত আলী, রায়েন্দা গ্রামের রুস্তম আলী মীরের ছেলে মোস্তফা মীর, খুড়িয়াখালী গ্রামের রতন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, গাবতলা গ্রামের হুকুম আলীর ছেলে মো. ইমাম আলী, শরণখোলা সদরের তফিল উদ্দিনের ছেলে শাহ আলম এবং উত্তর তাফালবাড়ি গ্রামের মৌজে আলীর ছেলে শহীদুল ইসলাম। মংলা উপকূলরক্ষী বাহিনীর পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেনেন্ট শোয়াইব বখতিয়ার রানা জানান, জেলেদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুধমুখী খাল এলাকা থেকে দুটি ইঞ্জিন চালিত নৌকা, জাল ও মাছসহ এই দশ জেলেকে উদ্ধার করা হয়। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে জলদস্যু জুলফিকার বাহিনীর সদস্যরা রোববার তাদের অপহরণ এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তাদের বনবিভাগের সুপতি স্টেশনে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত দশ জেলেকে বৈধ পাশ না থাকার কারণে বিধি মোতাবেক অর্থদণ্ড করা হবে। তিনি জানান, গত রোববার একই জলদস্যু বাহিনীর সদস্যরা শরণখোলার সাউথখালী গ্রামের বহরদার মোজাম্মেল চেয়ারম্যান ও কালামের পাঁচ জেলেকে একটি ট্রলার ও একটি নৌকাসহ এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। খবর পেয়ে তারা খোঁজাখুজি শুরু করলে দস্যুরা এক পর্যায়ে নৌকাটি রেখে দিয়ে ট্রলারসহ তাদের মুক্ত করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.