নওগাঁ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর এলাকার একটি চালকলে মজুদ করে রাখা বিভিন্ন প্রকারের এক হাজার ৩২৫ বস্তা সার সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
কালো বাজারে বিক্রি উদ্দেশ্যে সার মজুদের অভিযোগে মেসার্স মিনার অটোমেটিক রাইস মিল নামের এই চালকলের ব্যবস্থাপক বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে মহাদেব থানায় সোপর্দ করা হয়েছে।
তবে চালকলের মালিক কাজী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা যায়নি।
আটককৃত সারের মধ্যে রয়েছে- ৩৪৯ বস্তা টিএসপি, ৪৯৬ বস্তা ডিএপি ও ৪৮০ বস্তা এমপিও। এগুলো মহাদেবপুর থানায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, যমুনা সার কারখানায় তৈরি এসব সার কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে চালকলের মালিক কাজী আবুল কালাম আজাদের মহাদেবপুর সদরের বাড়িতে গোয়েন্দা পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।
গ্রেপ্তারকৃত বেলাল জানান, ১০ দিন আগে তিনি এই চালকলে চাকরি নিয়েছেন। সার মজুদের বিষয়ে তিনি কিছুই জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24