ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো সদস্য দেশ বা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নয়, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত চার্লি কসেরে।
তিনি বলেছেন, প্রার্থীরা ঠিকমত প্রচারণা চালাতে পারলে এবং ভোটাররা অবাধে ভোট দিতে পারলে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ফ্রান্সসহ ইইউ দেশগুলো কোনো সমস্যা দেখছে না।
সোমবার নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নির্জ দেভা বলেছিলেন, জরুরি অবস্থায় নির্বাচন হলে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না।
তার এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ফরাসি রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় কমিশনের বহিঃসম্পর্ক বিভাগ। আর কেউ এ ধরনের সিদ্ধান্তের কথা জানাতে পারে না। জুনে কমিশনের পাঠানো প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ফ্রান্স বর্তমানে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে।
ফরাসি রাষ্ট্রদূত বলেন, "ইউরোপীয় কমিশন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে সিদ্ধান্ত নেবে।"
ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।
ইইউ'র নিয়ম অনুযায়ী কোনো দেশে পর্যবেক্ষক পাঠানোর আগে সেখানে একটি অগ্রবর্তী প্রতিনিধি দল পাঠানো হয়। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইউরোপীয় কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
এ সংক্রান্ত ইইউ প্রতিনিধি দলটি গত ১৫ থেকে ২২ জুন বাংলাদেশ সফর করে।
রাষ্ট্রদূত জানান, জরুরি অবস্থার মধ্যেও গত ৪ আগস্ট চার সিটি ও নয় পৌরসভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো সহিংসতাও ঘটেনি।
তিনি বলেন, "নির্বাচনের দিন আমি ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভোট গ্রহণ দেখেছি। জরুরি অবস্থা নিয়ে আমি কোনো সমস্য দেখিনি।"
আইন-শৃঙ্খলা রক্ষার জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দাবির সমালোচনা করে চার্লি কসেরে বলেন, "রাজনৈতিক দলগুলো শুধু জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। কিন্তু দেশের উন্নয়ন বা দারিদ্র্য দূরীকরণের পরিকল্পনা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২২৯ ঘ.
bdnews24