২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবিকে কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। তবে এ জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। সুবিধামতো সময়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।" একইসঙ্গে পিডিবির 'সিস্টেম লস' কমিয়ে আনতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, সভায় মালদ্বীপ থেকে এক লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল আমদানি এবং ট্রুথ কমিশনের জন্য সরাসরি আসবাবপত্র কেনার অনুমতি দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, "দরপত্রের মাধ্যমে আসবাবপত্র কিনতে সময় বেশি লাগে। এ জন্য সরাসরি কেনার অনুমোদন দেয়া হয়েছে।" তিনি জানান, বাংলাদেশ রেয়ন মিল ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) ইঞ্জিনিয়ারিং প্ল্যান্টটি বিরাষ্ট্রীকরণের একটি প্রস্তাব বেসরকারিকরণ কমিশনের বিবেচনাধীন রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও তারা এর নিষ্পত্তি করতে পারেনি। তারা প্রস্তাবটি ফেরত পাঠালে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/এমএইচবি/২২১০ ঘ.