নোয়াখালী, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিয়া সংলগ্ন নিঝুম দ্বীপে কাছে শনিবার রাতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের দক্ষিণে জঙ্গলিয়ার চরে এ দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরা হলেন- রবিউল (৪০) ও নবী (২৭)।
এ নিয়ে উদ্ধার পাওয়া জেলের সংখ্যা হলো ১০।
এখনও নিখোঁজ তিনজন হলেন- জহির (৪০), লিটন (১৭) ও রফিক (৩৫)।
নিঝুম দ্বীপের ইউপি সদস্য তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে রবিউল ও নবীকে জাহাজমারা ইউনিয়নের দক্ষিণে জঙ্গলিয়া এলাকায় একটি চর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে আত্মীয়স্বজন খবর পেয়ে তাদের বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক জানান, উদ্ধার কাজ চলছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে নিঝুম দ্বীপের সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে জানান ইউপি সদস্য তাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/এমএসবি/২২০২ ঘ.
bdnews24