ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) ভুয়া নিয়োগ ও ভুয়া বিলের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটির গাড়ির জ্বালানি ও রক্ষাণাবেক্ষণ খরচ বাবদ অবৈধভাবে ব্যয় করা হয়েছে আরও প্রায় ৮ কোটি টাকা।
সোমবার কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
গত ১ জুলাই থেকে বিটিটিবি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে 'বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড' (বিটিসিএল) নামে কার্যক্রম শুরু করে।
হানিফ ইকবাল বলেন, "ঢাকার শেরেবাংলা নগরে বিটিটিবি'র দুই পরিচালক ও ঊর্ধ্বতন হিসাব রক্ষণ কর্মকর্তার জিপিও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত ভাতা ও ভুয়া মজুর নিয়োগ দেখিয়ে ২০০০-২০০১ অর্থবছর থেকে ২০০৭-২০০৮ অর্থবছর পর্যন্ত মোট ১৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ১১১ টাকা আত্মসাত করেছেন।"
তিনি জানান, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিলুপ্ত বিটিটিবি'র ১৫ টি গাড়ি ব্যবহার করেছে এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ বিটিটিবি'র সাত কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৫৯৮ টাকা অবৈধভাবে ব্যয় করেছে।
এসব দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হানিফ ইকবাল জানান।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসাপাতালের কয়েকটি খাতেও দুর্নীতির তথ্য পেয়েছে কমিশন।
হানিফ ইকবাল বলেন, "এই মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসাপাতালে টেন্ডারের শর্ত পূরণ না করেই কার্যাদেশ প্রদান, নিয়ম অনুযায়ী যন্ত্রপাতি ক্রয় না করা ও অতিরিক্ত দামে যন্ত্রপাতি কিনে মোট ২ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাত করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৯১৬ ঘ.
bdnews24