ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক অবস্থায় সিটি ও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী মেয়র ও কাউন্সিলররা শপথ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি পাবেন। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পরই এ বিষয়ে উদ্যোগ নেবে সরকার।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করার পরই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ নেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় উদ্যোগ নেবে। যারা কারাগারে বন্দি অবস্থায় নির্বাচিত হয়েছেন শপথ নেওয়ার জন্যে তাদের প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হবে।"
চার সিটি ও নয় পৌরসভায় ১৩ জন মেয়র ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ আসনে ২৬৫ জন কাউন্সিলর নির্বাচিত হন গত ৪ আগস্ট। এর মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীসহ বেশ কয়েকজন সিটি ও পৌর কাউন্সিলর বন্দি আছেন।
এদিকে, বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবাকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে বেলা ১২টার দিকে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ''শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাবাকে সরকার মুক্তি দেওয়ার পর তার স্থায়ী মুক্তির জন্য আমরা আইনি লড়াই চালাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এসএনডি/এসকে/১৭০৫ঘ.
bdnews24