২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা: খালেদার কাছে গেছেন কারা কর্তৃপক্ষ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভোটার তালিকাভুক্ত করায় তার সম্মতি নিতে উপ কারা মহাপরিদর্শক সোমবার বিকাল সাড়ে তিনটায় বিশেষ কারাগারে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভোটার তালিকাভুক্ত করায় তার সম্মতি নিতে উপ কারা মহাপরিদর্শক সোমবার বিকাল সাড়ে তিনটায় বিশেষ কারাগারে গেছেন। (বিস্তারিত আসছে) কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সোমবার সকাল ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বেলা দুইটার দিকে এজন্য খালেদা জিয়ার কাছে যাবেন। তখন পর্যন্ত তার কাছে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির কোনো নির্দেশ আসেনি বলে মেজর সিদ্দিকী জানান। সরকারের একাধিক উপদেষ্টা উপদেষ্টা গত দুদিনে বলেছেন, খালেদার মুক্তি প্রক্রিয়া 'শেষ পর্যায়ে' রয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, "আজ ডিসিসির ভোটার নিবন্ধন ও শুদ্ধীকরণের শেষ দিনে খালেদা জিয়া ভোটার হবেন বলে আশা রাখি। আমরা তাকে ভোটার হওয়ার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যেই অনুরোধ করেছি। এখন তিনি ভোটার হবেন কী না এটা তার বিবেচনার বিষয়।" খালেদা জিয়া শেষ দিন সোমবার ভোটার হতে না চাইলে আবার সুযোগ পাবেন কী না- এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, "এটা সময়ই বলে দেবে।" ভোটার হওয়ার সঙ্গে খালেদার অন্তরীণ থাকার কোনও সম্পর্ক নেই বলেও এসময় মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। এদিকে ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা ইতিমধ্যেই ঢাকা বিভাগের ৩০ জন 'গুরুত্বপূর্ণ' কারাবন্দির জন্য ভোটার ফর্ম কারা কর্তৃপক্ষকে দিয়েছেন। লুৎফর রহমান জানান, কারা কর্তৃপক্ষ যথাসময়ে তা পূরণ করে তাদের ফেরত দেবেন বলে জানিয়েছেন। এর আগে রোববার কারা উপ-মহাপরিদর্শক সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে ভোটার না হলে জাতীয় নির্বাচনে অংশ না নিতে পারার ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছিলেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উপদেষ্টা পরিষদে অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১৩ ধারার 'ছ' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কারা উপ মহাপরিদর্শক সেদিন সাংবাদিকদের বলেন, গত ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর ভোটার হওয়ার জন্য খালেদা জিয়াকে সাত/আটবার অনুরোধ করা হয়েছে। কিন্তু 'নানা কারণে' তিনি রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/এসকে/১২৪০ঘ.