২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদে প্রার্থীর ব্যয় পাঁচ থেকে ১০ লাখে রাখতে চায় ইসি

সিটি করপোরেশন ও পৌরসভার মতো উপজেলা পরিষদেও ভোটার সংখ্যার হিসেবে প্রার্থীর নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত খরচ নির্ধারণ করে নির্বাচন বিধিমালা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর নির্বাচনী ব্যয় হবে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ও পৌরসভার মতো উপজেলা পরিষদেও ভোটার সংখ্যার হিসেবে প্রার্থীর নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত খরচ নির্ধারণ করে নির্বাচন বিধিমালা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর নির্বাচনী ব্যয় হবে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিধিমালাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য চলতি সপ্তাহেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক লাখ ভোটার অধ্যুষিত উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা, এক লাখ এক থেকে দু'লাখ ভোটারের উপজেলায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং এর চেয়ে বেশি ভোটার অধ্যুষিত উপজেলায় প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত খরচ করতে পারবেন। এ ভোটার সংখ্যার ভিত্তিতে নির্ধারিত ব্যয়ের হিসেবের বাইরে প্রার্থীর ব্যক্তিগত খরচ ৫০ হাজার টাকা, ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে খসড়া বিধিমালায়। ওই কর্মকর্তা জানান, গত ৩০ জুন রাষ্ট্রপতির জারি করা স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ অনুসরণে ইসির নির্বাচনী বিধিমালা করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে পাঠানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি চূড়ান্ত হলে ইসি সচিবালয় বিধিমালা আনুষ্ঠানিকভাবে জারি করবে। ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ইসি আগামী অক্টোবরে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে। প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালায় পাঁচ লাখ ভোটার অধ্যুষিত এলাকায় একজন মেয়র প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারেন। এছাড়া, পাঁচ থেকে ১০ লাখ ভোটারের এলাকায় ব্যয়সীমা সাত লাখ, ১০ থেকে ২০ লাখ ভোটারের জন্য ১০ লাখ এবং ২০ লাখের বেশি ভোটারের এলাকায় সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয়সীমা নির্ধারণ করেছে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৯৫৮ ঘ.