ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা ভঙ্গের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রোববার জামিন দিয়েছে হাইকোর্ট।
গত ১ আগস্ট অন্য মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরপরই জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে কারাফটকে সামনে থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
আদালত এবার জামিন দিয়ে মোশররফের মুক্তির পর যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কারাফটকে তাকে আবার গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে।
পাশাপাশি মামলাটির কার্যক্রম স্থগিত করে এ মামলা পরিচালনাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে হবে।
কারামুক্তির পর জরুরি বিধিমালায় মামলা করে আবার গ্রেপ্তারের ঘটনা এবং এ মামলার কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে ইঞ্জিনিয়ার মোশাররফের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর মোশাররফের আইনজীবী ব্যারিস্টার শেখ হাসান আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে আর কোনও মামলা নেই। কাজেই তার কারামুক্তিতে কোনো বাধা নেই।"
মোশাররফ হোসেনকে গত বছরের ২৫ ফেব্র"য়ারি প্রথমবারের মতো গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জ্ঞাতআয় বহির্ভুত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের দুটি মামলায় হাইকোর্ট গত ২৮ জুলাই তাকে জামিন দেয়। এ দুটি মামলার কার্যক্রমও দুই মাসের জন্য স্থগিত করা হয়।
হাইকোর্টের এই আদেশ স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে।
গত ১ আগস্ট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়ার পরপরই কারা ফটক থেকে ইঞ্জিনিয়ার মোশাররফকে আবার গ্রেপ্তার করা হয়। ওই সময়ই জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
রোববার আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার শেখ হাসান আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/১৯০৫ ঘ.
bdnews24