কুড়িগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশি ঋণের বোঝা কমাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি বলেন, "এ দেশ আমাদের সকলের। অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। তাই সবাই মিলে এদেশকে রক্ষা করতে হবে। এজন্য বৈদেশিক ঋণের বোঝা কমাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াতে হবে। বাড়াতে হবে নতুন আয় কর দাতা।"
রোববার সকালে কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, "প্রতিবছর আমাদের বৈদেশিক ঋণের সুদের কিস্তি পরিশোধ করতে হয় ১৪ হাজার কোটি টাকা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ঢাকায় বসে পরিকল্পনা বানালে কোনো লাভ হবে না। জেলা- উপজেলা পর্যায়ে সবার কথা শুনে কাজ করতে হবে।"
কুড়িগ্রাম কর বিভাগ ও জেলা প্রশাসন স্বপ্রনোদিত করদাতাদের উদ্বুদ্ব করতে এ সভা আয়োজন করে।
জেলা প্রশাসক মো. জালাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর কর অঞ্চলের কমিশনার মো. বেলাল উদ্দিন, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সহসভাপতি আব্দুল আজিজ মিয়া ও স্থানীয় ব্যবসায়ী সুব্রত কুমার সেন।
সভায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪৪ জন, ফুলবাড়ির একজন, উলিপুরের চারজন, চিলমারী তিনজন, ভূরুঙ্গামারী তিনজন, রাজারহাটের দুজন, নাগেশ্বরীর ১৯জনসহ মোট ৭৬জন নতুন করদাতা এনবিআর চেয়ারম্যানের কাছে আয়কর রিটার্ন দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24