২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবেলা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অনুশীলন

ভূমিকম্প-পরবর্র্তী মানবিক সাহায্য ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে রোববার রাজেন্দ্রপুর সেনানিবাসে "দুর্যোগ দুর্নিবার"-২০০৮ নামে একটি অনুশীলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্প-পরবর্র্তী মানবিক সাহায্য ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে রোববার রাজেন্দ্রপুর সেনানিবাসে "দুর্যোগ দুর্নিবার"-২০০৮ নামে একটি অনুশীলন শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্সের প্যাসিফিক কমান্ডের যৌথ উদ্যোগে সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ এই অনুশীলন কোর্স হচ্ছে। বিপসট-এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলী কোসের্র উদ্বোধন করেন। কোর্সে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানবিক সাহায্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ রাইফেলস, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ইউএসএআইডি, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াটার সাপ্লাই ও স্যুয়ারেজ অথরিটি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্বাস্থ্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ইউএস মেরিন ফোর্স এর সদস্যরা এ অনুশীলনে অংশগ্রহণ করছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনকে আটটি সেক্টরে ভাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীসহ অন্যান্য সংস্থাকে এ সব এলাকার ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মার্কিন মেরিন ফোর্সের প্যাসিফিক কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল বেইলী এ অনুশীলনে অংশগ্রহণ করছেন। তিনি ২০০৭ সালের ১৫ নভেম্বর সাইক্লোন সিডর-পরবর্তী উদ্ধার কাজে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬০৬ঘ.