কিশোরগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রোববার সকালে বাসচাপায় শিশুসন্তানসহ এক মহিলা নিহত হয়েছেন।
কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক সিদ্দিকী।
নিহতরা হলেন- বিলকিস বেগম (২৫) এবং তার ১০ মাস বয়সী ছেলে জিদমী। তাদের বাড়ি ইটনা উপজেলার নয়নগর গ্রামে।
পুলিশ কর্মকর্তা খালেক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কের দক্ষিণ মনসন্তোষ এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস বিলকিসকে চাপা দেয়। জিদমী ওই সময় মায়ের কোলে ছিল।"
দুর্ঘটনায় বিলকিস ঘটনাস্থলেই মারা যায় বলে এসআই খালেক জানান। গুরুতর আহত জিদমীর মৃত্যু হয় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
বিলকিস বেগম দুর্ঘটনাস্থলের কাছে সাকুয়া গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল বলে পুলিশ জানায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা খালেক সিদ্দিকী জানিয়েছেন। তবে বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24