২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় শ্রমিক-আনসার সংঘর্ষ, আহত ৪

সাভারের মির্জানগর এলাকায় বিশ্বাস সিনথেটিক লিমিটেড নামে একটি কারখানায় শনিবার আনসার ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 06:07 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

সাভার, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের মির্জানগর এলাকায় বিশ্বাস সিনথেটিক লিমিটেড নামে একটি কারখানায় শনিবার আনসার ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- শ্রমিক ফারুক (২০) ও আতিকুর রহমান (২২) এবং কারখানার নিরাপত্তা ইনচার্জ আবুল হাসান ও ল্যাবরেটরি ইনচার্জ কাইয়ুম। তাদের সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আগের রাতে আনসার সদস্যরা দুজন শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা শনিবার সকালে আনসার ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালালে এ সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কারখানাটিতে শুক্রবার গভীর রাতে ডিউটি চলা অবস্থায় শ্রমিক জাহিদ ও রাজু ঘুমিয়ে পড়ে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাদের চড় মারে এবং কান ধরে ওঠবস করায়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকরা বিষয়টি জানার পর একত্র হয়ে কর্তৃপক্ষের কাছে এর বিচার দাবি করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে তারা লাঠিসোটা নিয়ে আনছার ক্যাম্পে হামলা চালায়। এ সময় আনসাররা ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে আনসার ক্যাম্প ভাংচুর করে। বেলা ২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি রফিকুল ইসলাম বলেন, "বিকেল ৪টার দিকে আনসার ক্যাম্পটি ওই স্থান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখনও আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হবে।" নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার বেশ কয়েকজন শ্রমিক জানান, আনসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, বেতন ২৭ তারিখের পরিবর্তে ২০ তারিখে দিতে হবে, নিয়ম অনুযায়ী সরকারি ছুটি দিতে হবে এবং জিএম শফিকুল ইসলামকে বরখাস্ত করতে হবে। দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান। এ ব্যাপারে বিশ্বাস সিনথেটিক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক। তাছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা যে ঘটনা ঘটিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৪১