গাজীপুর, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারদাগঞ্জের জিএমএস কম্পোজিট নিটিং কারখানায় শনিবার ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, ২০ ভাগ বেতন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার শ্রমিকরা আন্দোলন শুরু করে। ওই দিন শ্রমিকদের হাতে কারখানার নির্বাহী পরিচালক এম গোলাম মোস্তফা, উৎপাদন ব্যবস্থাপক আবুল কাশেম, উৎপাদন কর্মকর্তা আ. আজিজসহ কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী আহত হন।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ 'আপাতত' উৎপাদন বন্ধের কথা জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেয়। সে অনুযায়ী শনিবার ভোরে কারখানায় পুলিশ মোতায়েন করা হয়।
উপ-পরিদর্শক নাজমুল জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা নির্বিচারে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
পরে র্যব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয় বলেও জানান তিনি।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা জানান, "ডাইং বিভাগের ১০টি কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র শ্রমিকরা গুড়িয়ে দিয়েছে। তাদের তাণ্ডবে অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।"
এ অবস্থায় কারখানার উৎপাদান অনিশ্চিত হয়ে পড়েছে জানিয়ে গোলাম মোস্তাফা বলেন, "নতুন যন্ত্রপাতি আমদানির আগে উৎপাদন সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৮ ঘ.
bdnews24