নড়াইল, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিল্পী এসএম সুলতানের ৮৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান নড়াইলে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শনিবার শুরু হয়েছে।
প্রথম দিন বিকেলে শহরের মাছিমদিয়ায় অবস্থিত শিল্পীর স্থাপিত শিশুস্বর্গে শিশু শিল্পীদের জন্য আয়োজিত আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল আহ্সান।
সন্ধ্যায় সরকারী ভিক্টোরিয়া কলেজের 'সুলতান মঞ্চে' সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসএম সুলতান ৮৪-তম জন্মোৎসব উদযাপন পর্ষদ, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এসব অনুষ্ঠান আয়োজন করেছে।
রোববারের কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরআন খানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহরের ডাক বাংলো থেকে শিশুস্বর্গ পর্যন্ত শোভাযাত্রা।
এরপরে দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে চিত্রা নদীতে হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শহরের জেলা প্রশাসকের ঘাট থেকে শুরু হয়ে চিত্রা সেতুতে গিয়ে শেষ হবে এ নৌকা বাইচ।
১১ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হবে আর্ট ক্যাম্প এবং ১৩ আগস্ট কর্মসূচির শেষ দিনে আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে হবে প্রদর্শনী।
এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার।
স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে।
সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে।
১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে।
আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালের ১০ আগস্ট যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24