বাগেরহাট, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সরকারি পিসি কলেজের ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগে শনিবার ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পর পুলিশ পাহারায় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের হয়।
আটক মঞ্জুরুল হক রাহাত বাগের জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ও হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। তার মুক্তি ব্যাপারে শিবির নেতারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাহাত নামে এক ছাত্রকে আটক করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে কোন মামলা হয়নি। কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের মধ্যে আলোচনা ফলপ্রসু হলে হলে যে কোন সময়ে ওই ছাত্র নেতাকে ছেড়ে দেওয়া হতে পারে।
১৯১৮ সালে বিজ্ঞানী ও সমাজ সেবক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে এ কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে কলেজটি সরকারি হয়।
প্রতক্ষদর্শী ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক সোহরাব হোসেন জানান, আটক মঞ্জুরুল হক রাহাত সাধারণ ছাত্রছাত্রীদের শোভাযাত্রায় যোগ না দিতে ক্যাম্পাসে বসে উষ্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। তার এই আচরণ ছিল কলেজের শৃঙ্খলা ভঙ্গের শামিল।
কলেজ অধ্যক্ষ জানান, এ অবস্থায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে রাহাতকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা বের করে।
কলেজ শাখার ছাত্র শিবিরের সভাপতি হুমায়ুন কবীর ও সেক্রেটারি তাজমুল হোসেনের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আরমান, শান্ত, নাদিম ইসলাম, সাইদুর রহমান ও নাহিদসহ ৭/৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
তবে উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24