ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের যে কোনো স্তরের কমিটিতে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখা এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্পাদকদের অন্য কোনো পেশায় না থাকার বিধান রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গঠণতন্ত্রে বেশ কিছু সংশোধন আনা হয়েছে।
সিপিবির নবম কংগ্রেসের শেষ দিন শনিবার এসব সিদ্ধান্ত হয়।
কংগ্রেস আয়োজন কমিটির মুখপাত্র সৈয়দ আবু জাফর আহমদ সাংবাদিকদের বলেন, "নবম কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে, দলের যে কোনো স্তরের কমিটিতে কমপক্ষে এক তৃতীয়াংশ মহিলা সদস্য থাকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্পাদকরা অন্য কোনো পেশায় থাকতে পারবেন না।"
বর্তমানের ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বদলে ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জাফর আহমদ জানান।
তিনি বলেন, "জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিবেশ থাকলে আমরা নেব। আর জাতীয় নির্বাচনের কোনো ব্যাঘাত না ঘটিয়ে আগে উপজেলা নির্বাচন করা হলে আমাদের আপত্তি নেই। কারণ আমরা স্থানীয় নির্বাচনের পক্ষে।"
জাফর জানান, দেশের ৬০টি জেলায় সিপিবির জেলা কমিটি রয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি, শেরপুর ও মুন্সীগঞ্জে শাখা কমিটি রয়েছে। বর্তমানে সারাদেশে সিপিবির সদস্য সংখ্যা ৭৩০০ জন।
গত বৃহস্পতিবার সিপিবির নবম কংগ্রেস শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, চীন ও ভিয়েতনাম থেকে ১৩ জন প্রতিনিধি এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২০১৩ ঘ.
bdnews24