ঢাকা, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা ও জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সরকার শিগগিরই দলটির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে দিনক্ষণ জানানো হলেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন একটি সংক্রান্ত এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে সরকার শিগগিরই দ্বিতীয় দফা সংলাপে বসতে যাচ্ছে। এ দুটি ইস্যু নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় দফা বৈঠকে এ ব্যাপারে তাদের বোঝানোর চেষ্টা করা হবে।"
উপদেষ্টা হোসেন জিল্লুর এ সময় খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, "খুব দ্রুতই এর ফলাফল পাওয়া যাবে। খালেদা জিয়ার মুক্তি হলেই বিএনপির সঙ্গে ঝুলে থাকা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির সময়ই সরকার এ ব্যাপারে তার অবস্থান জানিয়ে দিয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, "কিছু সমস্যা ছিল, সেগুলো নিরসন করে খালেদা জিয়ার দ্রুত মুক্তিও নিশ্চিত করা হচ্ছে।"
শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠানের দায়িত্বে থাকা পাঁচ উপদেষ্টার অন্যতম।
সংলাপের ব্যাপারে বিএনপি'র সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "আশা করছি তাদের সঙ্গে সংলাপ প্রক্রিয়া দ্রুত শেষ হবে।"
সরকার সব দলের সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবেই সিদ্ধান্ত নেবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, "সবার আগে দলগুলোকে বোঝাতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে।"
প্রকল্প উদ্বোধনের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, বহিঃসম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেকটর ভিনায়া স্বরূপ।
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রায় ১২ শ' কোটি টাকা ব্যয়ে নেওয়া এই প্রকল্পে সরকার ১৬ শতাংশ অর্থের যোগান দিচ্ছে। বাকি অর্থ প্রকল্প সহায়তা হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। এ প্রকল্পের আওতায় দেশের ১২১টি উপজেলায় ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮০৯ঘ.
bdnews24