ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মো. রাশেদুজ্জামান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় শনিবার সকাল ১০টায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।"
তিনি জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাভাস কর্মকর্তা রাশেদুজ্জামান আভাস দিয়েছেন, লঘুচাপটি ধীরে ধীরে স্থল নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24