ঝিনাইদহ, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের হলিধানী এলাকায় শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছে।
সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দুর্ঘটনায় অন্তত ৫০ বাসযাত্রীও আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত জেআর পরিবহনের বাসটি মেহেরপুর থেকে খুলনা যাচ্ছিল।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের জিয়াউর রহমান (৩৩), জহির উদ্দিন (৩২) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার রায়লক্ষ্মীপুর গ্রামের শাহজাহান (৩২)।
প্রত্যক্ষদর্শী বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটির বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই সময় ভিতরে থাকা যাত্রীদের বেশ কয়েকজন লাফিয়ে নামতে যায়। এদের তিন জন গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।"
আহত বাসযাত্রী সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "বাসটি দ্রুত গতিতে চলছিল। কোনাকিছু বুঝে উঠার আগেই বাসটি উল্টে যায়।"
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে হাত লাগায়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় একটি মামলা হবে। তবে বাসের চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৬ ঘ.
bdnews24