ঢাকা, আগস্ট ৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃবাহিনী ক্বিরাত-আযান প্রতিযোগিতায় শিরোপা পেয়েছে নৌ-বাহিনী দল। চার দিনের এ প্রতিযোগিতায় বিমান বাহিনী দল রানার আপ হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর লালাসরাই সেইলর্স কলোনি মসজিদে প্রতিযোগিতার সমাপনী দিনে নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ক্বিরাতে নৌ-বাহিনী দলের মো. গিয়াস উদ্দিন প্রথম, এম এম রহমান দ্বিতীয় ও সেনা বাহিনী দলের ল্যান্স করপোরাল মো. হুমায়ুন কবির তৃতীয় স্থান লাভ করেন।
আযান প্রতিযোগিতায় নৌ-বাহিনী দলের এম ডাব্লিউ উল্লাহ প্রথম, বিমান বাহিনী দলের করপোরাল এম জিয়াউর রহমান দ্বিতীয় ও নৌ বাহিনী দলের মো. গিয়াস উদ্দিন তৃতীয় স্থান লাভ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌ-বাহিনী প্রধান (অপারেশন্স), তিন বাহিনী পিএসও এবং পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/৩০৩৮ ঘ.
bdnews24