রাজশাহী, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুদক রাজশাহীর উপ-পরিচালক আব্দুল করিম তানোর থানায় মামলা দু'টি করেন।
জঙ্গি মদদের মামলায় ৩১ বছর কারাদণ্ডপ্রাপ্ত শীষ মোহাম্মদ বর্তমানে পলাতক রয়েছেন।
দুদক রাজশাহীর উপপরিচালক আব্দুল করিম রাতে টেলিফোনে কয়েকজন সাংবাদিককে জানান, মামলা দুটির এজাহার বিকালে তার প্রতিনিধিকে দিয়ে তানোর থানায় পাঠানো হয়েছে। এজাহার দুটি মামলা হিসেবে নথিভূক্ত হয়েছে কিনা তা এখনও তিনি জানেন না।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক রেজাউল জানান, এজাহার দুটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়েছে। মামলা নম্বর ৬ ও ৭।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাবেক চেয়ারম্যান শীষ মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় এক কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই সম্পদের মধ্যে তানোরে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্প, ঢাকার মোহম্মদপুরে বাড়ি, তানোরে চারতলা ভবন, তার নিজ এলাকা তানোরের কলমা ইউনিয়ন এবং নওগাঁ জেলার নিয়ামতপুরে নামে- বেনামে কৃষি জমি এবং রাজশাহী শহরের একটি বাড়ি।
অপর মামলার অভিযোগে বলা হয়, মুন্ডুমালা হাটের বাংলা ১৪১০ সালের ইজারার প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন শীষ মোহাম্মদ। ইজারার টাকা রশিদ ও চেকের মাধ্যমে নেওয়া হলেও তিনি ওই টাকা পৌরসভায় জমা দেননি।
২০০৭ সালের ২৬ জুলাই জঙ্গি মদদের মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও শীষ মোহাম্মদকে ৩১ বছর কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুজনেই পলাতক রয়েছেন।
গত ২৪ এপ্রিল সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় তানোর থানায় শীষ মোহাম্মদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিল দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24