ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সফল করতে একে সর্বাত্মক সহযোগিতা করবে দুর্নীতি দমন কমিশন; এতে ভুল বুঝাবুঝি বা অন্য কোন ব্যাখ্যার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হানিফ ইকবাল এ কথা জানান।
তিনি বলেন, "কমিশনের তফসিলভুক্ত অপরাধের কারণে যারা দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা ছাড়া অন্য যে কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে ট্রুথ কমিশনের সুবিধা নিতে পারবেন।"
হানিফ ইকবাল জানান, ট্রুথ কমিশন প্রতিষ্ঠার আগেই দুই ব্যক্তি ট্রুথ কমিশনের সুবিধা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন। তাদের আবেদন পর্যালোচনা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়ার কারণে তাদের নাম প্রকাশ করা না হলেও এরা রাজনীতিবিদ নন বলে নিশ্চিত করেন হানিফ ইকবাল।
মহাপরিচালক জানান, বিভিন্ন জরিপ এবং জনগণের কাছ থেকে পাওয়া তথ্যেরভিত্তিতে প্রতীয়মাণ হয়েছে যে, মাঠ পর্যায়ের দুর্নীতির ঘটনাগুলি ঘুষ লেন-দেন কেন্দ্রিক। সাধারণ মানুষের সেবাগ্রহণের ক্ষেত্রে ঘুষ লেনদেন কমানোর লক্ষ্যে কমিশনের বিধিমালার ১৬ অনুচ্ছেদ অনুসরণে দেশব্যাপী ফাঁদ-মামলা কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আওতায় ঘুষ লেনদেনসংক্রান্ত তথ্যপ্রদানকারী বা যিনি ঘুষ লেনদেনের সঙ্গে জড়িতদের হাতে-নাতে ধরিয়ে দেবেন, তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়ার প্রস্তাবও কমিশন নীতিগতভাবে অনুমোদন করেছেন। ফাঁদ-মামলা কার্যক্রম সর্ম্পকে তথ্য প্রদানের বিষয়ে ব্যাপক প্রচার ও প্রচারণার কার্যক্রমও কমিশনের পরিকল্পনাধীন রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ট্রুথ কমিশনের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে একটি জরুরি ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, স্বপ্রণোদিত-তথ্য প্রকাশে ইচ্ছুক যেকোনো ব্যক্তি আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের সামনে তথ্য জাননোর জন্য কমিশনের কাছে আবেদন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমএইচবি/২০২৮ ঘ.
bdnews24