বরিশাল, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছেন পিডিপি নেতা শরফুদ্দিন আহম্মেদ সান্টু।
সান্টু অপ্রত্যাশিতভাবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণের কাছে সামান্য ব্যবধানে হেরে যান।
টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ সমর্থিত হিরণ পান ৪৬৭৯৬ ভোট। পিডিপি নেতা সান্টু (ছাতা) পেয়েছেন ৪৬২০৮ ভোট।
মঙ্গলবার সান্টু তার বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ফলাফলের বিরুদ্ধে আমি মামলা করবো। আমি পুন:নির্বাচন চাই। এই ফলাফল আমি মানি না। কারচুপি করে আমাকে পরাজিত করা হয়েছে।"
রির্টানিং অফিসারের কাছে মঙ্গলবারই লিখিত বক্তব্য জমা দেবেন বলে জানান সান্টু।
এদিকে বিএনপির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন নির্বাচনের ফলের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মধ্যরাতে মিডিয়া ক্যুর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।"
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, "আমরা অবাক হয়েছি, এজন্য যে ছাতা (সান্টু) মার্কার কোন সংগঠন নেই, অবস্থান নেই, কার্যক্রম নেই। তবুও তাদের (ছাতা) নির্বাচিত করার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। আবার এক পর্যায়ে শওকত হোসেন হিরণ ফলাফল মানেন না বলে নির্বাচন কমিশন কার্যালয় গিয়ে অভিযোগ করেন। পরে ছাতাকে বাদ দিয়ে টেলিভিশনকে বিজয়ী ঘোষণা করা হয়।"
তিনি বলেন, "এর ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোন সম্ভাবনা নেই।"
ভোট গণনার শেষ পর্যায়ে সোমবার রাত পৌনে ২টার দিকে হিরণ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ভোট জালিয়াতির মাধ্যমে তার 'নিশ্চিত জয়' ছিনিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে ফলাফল ঘোষণার আগেই তিনি তা প্রত্যাখ্যান করছেন বলে জানান।
ওই সময় পর্যন্ত ৯১টি কেন্দ্রের মধ্যে ৮১টির বেসরকারি ফলাফলে এগিয়ে থাকা হিরণ (প্রতীক টেলিভিশন) পেয়েছিলেন ৪০৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সান্টু (ছাতা) পেয়েছিলেন ৪০৩৪০ ভোট। ব্যবধান ছিল ৩৯৪ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/এসকে/১৬৫৬ঘ.
bdnews24