ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর ছয় দিন শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের কৌসুলী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনার রিটটি হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছে। এর ফলে মিগ-২৯ দুর্নীতি মামলার বিচার কার্যক্রম নিু আদালতে যেভাবে চলছিল সেভাবেই চলবে।
আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, আদালত বলেছে, একবার ফৌজদারি কার্যবিধির আওতায় শেখ হাসিনার করা মামলা বাতিলের আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলও সুপ্রিম কোর্ট খারিজ করে। তাই এ পর্যায়ে আবার রুল ও স্থগিতাদেশ দিলে আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা করা হবে -এ কারণ দেখিয়ে হাইকোর্ট রিটটি খারিজ করেছে।
ব্যারিস্টার শফিক জানান, এ মামলায় অভিযোগ গঠন করার পর প্রয়োজনে আবার রিট আবেদন করা যেতে পারে বলে আদালত অভিমত দিয়েছে।
গত ২০ জুলাই মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন।
গত বছর ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফৌজদারি কার্যবিধির আওতায় মামলা বাতিলের জন্য হাসিনার করা আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে হাসিনার আপিলও গত ১৮ মার্চ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
এরপর হাইকোর্টের রায় স্থগিতের জন্য শেখ হাসিনা আপিল বিভাগে আবেদন জানালে চেম্বার বিচারপতির আদালত গতবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিল।
কিন্তু গতবছর ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই স্থিতাবস্থার মেয়াদ আর বাড়ায়নি। এর পর নিম্ন আদালতে মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮ টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়।
মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনীয়ভাবে' ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় করে রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি করা হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, এয়ার কমোডোর (অব:) মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯২৯ঘ.
bdnews24