ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চে জনস্বার্থে দায়ের করা রিটটির ওপর সোমবার শুনানি হবে বলে জানান আহসানুল করিম।
আবেদনে বলা হয়েছে, 'তত্ত্বাবধায়ক সরকারের সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি প্রয়োজন ও নির্বাচনসংক্রান্ত ছাড়া অন্য কোনো অধ্যাদেশ জারি করতে পারে না। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ এসব বিষয়ের মধ্যে পড়ে না। তাই এটি জারি রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত।'
রিটে আরো বলা হয়, 'তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শে কাজ করতে পারেন না। দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশটি জারির জন্য প্রধান উপদেষ্টা বা সরকার যদি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন তাহলে সে পরামর্শ অবৈধ। রাষ্ট্রপতি সেই পরামর্শে কাজ করলে তাও সংবিধান পরিপন্থী।'
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছর ১৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ জারি করেন।
অধ্যাদেশের ২১ ধারা অনুযায়ী মামলা দায়েরের আগেই কমিশনের কর্মকর্তারা গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছেন।
এছাড়া, ২৮ ধারায় দুর্নীতি দমন কমিশন আইনের অধীনের অপরাধগুলো জামিনঅযোগ্য করা হয়েছে।
রিটে এ বিধান দু'টিকে মানুষের অধিকার হরণকারী ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশটি বাতিল ঘোষণার দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইবি/২০১৪ ঘ.
bdnews24