২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় 'মেট্রোপলিটন মেয়র অথরিটি' চান খোকা

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা অভিযোগ করেছেন, এ পর্যন্ত কোনও সরকারই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। এ সমস্যা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের নির্বাহীর অধীনে নিয়ে 'মেট্রোপলিটন মেয়র অথরিটি' হিসেবে গড়ে তোলার দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা অভিযোগ করেছেন, এ পর্যন্ত কোনও সরকারই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। এ সমস্যা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের নির্বাহীর অধীনে নিয়ে 'মেট্রোপলিটন মেয়র অথরিটি' হিসেবে গড়ে তোলার দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার ঢাকা নগর কর্তৃপক্ষের ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ১৮৬৪ সালের ১ আগস্ট 'ঢাকা পৌরসভা' হিসেবে নগর কর্তৃপক্ষের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে শুক্রবার সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আলোচনা অনুষ্ঠানে সাদেক হোসেন খোকা বলেন, "বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকা সিটি কর্পোরেশনকেও মেট্রোপলিটন মেয়র অথরিটি হিসেবে গড়ে তুলতে হবে। তাতে সেবার মনোন্নয়নের পাশাপাশি নগর কর্তৃপক্ষ সরকারের অধীনে থেকে নিজেদের মতো করে কাজ করতে পারবে।" তিনি বলেন, "বর্তমান ব্যবস্থায় সিটি করপোরেশন অনেক সময় সরকারের সহযোগিতা পায় না। সরকারের পর্যাপ্ত সহযোগিতা পেলে ঢাকাকে এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।" মেয়র অভিযোগ করেন, "কোনও সরকারই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। এ কারণে ইচ্ছে থাকার পরও মেয়র হিসেবে আমি অনেক কাজ করতে পারিনি।" ঢাকা সিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে খোকা বলেন, "আগামী একশ বছরের কথা চিন্তা করে এখনই একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তাতে নতুন প্রজন্ম একটি নতুন ঢাকা পাবে।" অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "ঢাকায় বিনোদন পার্ক নেই বললেই চলে। যা ছিল তার সবগুলোও সিটি করপোরেশন ধরে রাখতে পারেনি। দুর্বত্তরা পার্কগুলো দখল করে রেখেছে। সেগুলো উদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব শেখ খুরশীদ আলম, ঢাকা পৌরসভার সাবেক প্রশাসক হেসামউদ্দীন আহম্মদ, ঢাকা মিউনিসিপাল করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল হাসান, ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন প্রমুখ। আলোচনা সভার আগে সকাল সোয়া ১০টায় নগরভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, টিএসসি ঘুরে শাহবাগের সামনে দিয়ে মৎস্য ভবন ও জিরো পয়েন্ট হয়ে আবার নগরভবনে এসে শেষ হয় শোভাযাত্রা। আলোচনা অনুষ্ঠানের পর সিটি করপোরেশনের সঙ্গীত ও নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/জেকে/এমএইচবি/২০৩৮ ঘ.