২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যোৎসব রোববার শুরু

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কর্মকে গভীরভাবে উপলব্ধির প্রত্যয় নিয়ে রোববার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যোৎসব। তির্যক নাট্যদল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউটে এ উৎসবের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কর্মকে গভীরভাবে উপলব্ধির প্রত্যয় নিয়ে রোববার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্যোৎসব। তির্যক নাট্যদল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউটে এ উৎসবের আয়োজন করেছে। রোববার সন্ধ্যায় রবীন্দ্রনাথের কাব্য নাটক বিসর্জন মঞ্চায়নের মাধ্যমে শুরু হবে এ উৎসব। শেষ হবে ৯ আগস্ট। নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। উৎসব উপলক্ষে শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তির্যক নাট্যদলের শিল্পী আহমেদ ইকবাল হায়দার জানান, নাটক মঞ্চায়ন ছাড়াও সপ্তাহ জুড়ে আবৃত্তি, সংগীত, নৃত্য, রবীন্দ্রনাট্য বিষয়ক আলোচনা, রবীন্দ্র চিত্রকলার উপস্থাপন ও আলোচনা এবং সত্যজিৎ রায় নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে। আহমেদ ইকবাল জানান, সপ্তাহব্যাপী এ উৎসবে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন শিল্পী গোষ্ঠী অংশ নেবে। তবে চট্টগ্রামের পাঁচটি নাট্যদল সাতটি নাটক মঞ্চায়ন করবে। এর মধ্যে বিসর্জন নাটকের ১৫৬তম প্রদর্শনী করবে তীর্যক নাট্যদল। তিনি বলেন, "তীর্যক ১৯৯৫ সালে প্রথম রবীন্দ্র নাট্য উৎসবের আয়োজন করে। টানা চার বছর আয়োজনের পর নানা কারণে আর করা সম্ভব হয়নি। এ বছর পঞ্চম বারের মত রবীন্দ্র নাট্যোৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।" আহমেদ ইকবাল আরও জানান, উৎসবে রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও চট্টগ্রামের প্রবীণ নাট্য সংগঠক মাহমুদ হাসানকে সংবর্ধনা দেওয়া হবে। উৎসবে এবার যেসব নাটক দেখানো হবে সেগুলো হল- বিসর্জন (৩ আগস্ট), মৃনালের চিঠি (৪ আগস্ট), শাস্তি (৫ আগস্ট), রথযাত্রা (৬ আগস্ট), মুক্তির উপায় (৭ আগস্ট), রক্তকরবী (৮ আগস্ট) এবং গোড়ায় গলদ (৯ আগস্ট)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২০৩৪ ঘ.