ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চালককে হত্যা করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে বাসাবো এলাকা চালক জহিরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
জহিরুলের বাড়ি টাঙ্গাইলে কালিহাতিতে। ঢাকার সায়েদাবাদে ভাড়া বাসায় থাকতেন তিনি। দু'মাস বয়সী একটি ছেলে রয়েছে তার।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক রওশন আরা বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হন জহিরুল। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোর ৪টার দিকে বাসাবো ছায়াবিথী সিনেমা হলের সামনের রাস্তা থেকে জহিরুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীর রক্ত মাখা ছিল। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা অটোরিকশাটি (ঢাকা মেট্রো থ-১৩ ২৪২৭) নিয়ে গেছে।"
রওশন আরা জানান, নিহতের জামার পকেটে ড্রাইভিং লাইসেন্স এবং বাসাবোর একটি মোটর পার্টস দোকানের পরিচিত-কার্ড ছিল। পুলিশ ওই দোকানে ফোন করে অটোরিকশাটির মালিক আব্দুল আউয়াল ফোন নম্বর সংগ্রহ করে। আব্দুল আউয়াল ও প্রতিবেশী আসলাম মিয়া এসে লাশ সনাক্ত করে।
ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে গেছেন। এ বিষয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24